News Bangla 24 BD | সবার সহযোগিতা নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে চাই -গাজীপুরে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক - News Bangla 24 BD
News Head

সবার সহযোগিতা নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে চাই –গাজীপুরে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক


 কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমরা চাই আমাদের দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে যারা সরকারের গঠনমূলক সমালোচনা করে আমাদের ভুলভ্রান্তি তুলে ধরবে। আমরা এসব ভুলভ্রান্তি সুধরিয়ে সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে দেশটা গড়ে তুলবো। গত নির্বাচন সবাই গ্রহণ করেছে, বিভিন্ন দেশ আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আমরা এখন সবার সহযোগিতা নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে চাই।
মন্ত্রী শনিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট (ব্রি) অডিটরিয়ামে ব্রি’র ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা’য় (২০১৭-১৮) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো: নাসিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো: ফজলে ওয়াহেদ খোন্দকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো: কবির ইকরামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালাক মীর নুরুল আলম, ব্রি’র মহাপরিচালক ড. শাহজাহান কবীর, পরিচালক তমাল লতা আদিত্য, মো: হামিদুর রহমান, ড. নজরুল ইসলাম, ড. গাজী জসিম উদ্দিন আহমদ, খায়রুল বাসার প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রি’র পরিচালক ড. মো: আনসার আলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলকে গণভবনে চা-চক্রে আমন্ত্রন জানিয়েছেন। সেখানে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশ গঠন করবো। যারা চা-চক্রে আসতে চাচ্ছেনা সেটা তাদের সংকীর্ণতা। এতে তারা লাভবান হবেনা বরং ক্ষতিগ্রস্ত হবে। ২০১৪ সালে বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরে নিষ্ঠুরতার ও সন্ত্রাসের চরম কাজ করেছে। এতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে চলবে না। আমাদের নিরাপদ ও পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষিকে লাভজনক করতে হলে কৃষিতে ভতুর্কি ও প্রণোদনা দিতে হবে। আমরা দেশকে সবাই ভালবাসি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ