News Bangla 24 BD | শ্রীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত - News Bangla 24 BD
News Head

শ্রীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত


টি.আই সানি গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে (কথিত) এক যুবক মাসুদ পারভজ ওরফে পারভেজ (৩৩) নিহত হয়েছেন। নিহত যুবক পারভেজ উপজেলার বরমী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের পাশে এ ঘটনা ঘটে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান জানান, ঘটনার সময় সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে। পরে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়লে আক্রমনকারীরা পালিয়ে যায়। এসময় সোহরাব হোসেন নামে র‌্যাবের একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ঘটনাস্থলে একজনকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, ২টি হত্যা এবং অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে। ঘটনাস্থলের আশপাশ থেকে ১ টি বিদেশী পিস্তল, ৬ টি শর্ট গান এবং ১ টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান জানান, বুধবার ভোর ৪টার দিকে মাসুদ পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দেহে গুলির আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ