জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট পেশ করবেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ ও মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা থাকতে পারে। এ ছাড়া ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালু, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ৩০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি ব্যবসা পরিচালনা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে সমন্বিত ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর পরিকল্পনাও থাকতে পারে।

জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী
জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত 