নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই
তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যেই নিজস্বভাবে তৈরি প্রথম এআই চিপ ‘হ্যালাপেনিও’উন্মোচন করেছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি ব্রডকমের সহযোগিতায় চিপটি তৈরি করেছে, যা ভবিষ্যতে এআই অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
বুধবার চিপটির প্রদর্শনীতে ওপেনএআই জানায়, ‘হ্যালাপেনিও’ মূলত ‘ইনফারেন্স’ বা ব্যবহারকারীর প্রশ্নের উত্তর তৈরির জন্য প্রয়োজনীয় গণনাপ্রক্রিয়া পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। চ্যাটবট ও কোডিংভিত্তিক এআই অ্যাপ্লিকেশন পরিচালনায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই গবেষণা প্রতিষ্ঠানগুলো উন্নত চ্যাটবট ও কোডিং মডেল পরিচালনার জন্য পর্যাপ্ত কম্পিউটিং সক্ষমতার সংকটে রয়েছে। এ কারণে ওপেনএআই নিজস্ব চিপ উন্নয়নের উদ্যোগ নিয়েছে।
ওপেনএআইয়ের হার্ডওয়্যার বিভাগের প্রধান রিচার্ড হো জানান, ‘হ্যালাপেনিও’ প্রসেসরটি বড় ভাষাভিত্তিক মডেল বা এলএলএমের সঙ্গে দ্রুত ও দক্ষভাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের ধারণা, ভবিষ্যতের সব ধরনের এলএলএমের সঙ্গেই এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম হবে।’
ব্রডকমের প্রধান নির্বাহী কর্মকর্তা হক ট্যান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন এই চিপের সক্ষমতা এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপ কিংবা গুগলের টেনসর প্রসেসিং ইউনিটের সমমানের।
ওপেনএআই জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা ‘হ্যালাপেনিও’ চিপ ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে। এটি প্রতিষ্ঠানটির বহু-প্রজন্মভিত্তিক চিপ উন্নয়ন কর্মসূচির প্রথম ধাপ।
কানাডার ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান সেলেস্টিকা এই চিপভিত্তিক সার্ভার সিস্টেম তৈরি করবে। চিপ ও সার্ভার উভয়ই শুধুমাত্র ওপেনএআইয়ের নিজস্ব ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের গবেষণাগারে ইতোমধ্যে চিপের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তা জিপিটি-৫.৩-কোডেক্স-স্পার্ক এআই মডেলের সঙ্গে নির্ধারিত বিদ্যুৎ ব্যবহার ও কর্মক্ষমতার লক্ষ্যমাত্রা পূরণ করেছে।
ওপেনএআইয়ের প্রকৌশলীরা মাত্র নয় মাসে চিপটির নকশা সম্পন্ন করেন। এরপর উৎপাদনের জন্য নকশাটি পাঠানো হয় তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির কাছে। কোম্পানির দাবি, নকশা তৈরির কিছু ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উন্নয়ন প্রক্রিয়াকে দ্রুততর করেছে। এর আগে ২০২৩ সালে রয়টার্স প্রথম জানায় যে ওপেনএআই নিজস্ব চিপ তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছে।
বর্তমানে মেটা, অ্যামাজন ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও নিজস্ব এআই চিপ তৈরির ক্ষেত্রে ব্রডকম ও মারভেলের মতো প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে। একই সঙ্গে অ্যানথ্রপিকও নিজস্ব এআই চিপ তৈরির সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে।
তবে কাস্টম এআই চিপ তৈরিতে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চগতির মেমোরির চাহিদা। ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান জানান, এআই চিপে বিপুল পরিমাণ উচ্চ-ব্যান্ডউইথ মেমোরি প্রয়োজন হয়, যা লাভের মার্জিন কমিয়ে দেয়।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স এবং স্যামসাং ইলেকট্রনিকস ব্রডকমকে এসব মেমোরি চিপ সরবরাহ করছে।

নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার
এআইয়ের সাফল্য: মাত্র ১২ মিনিটেই ব্রেইন টিউমার শনাক্ত
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন 