প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাক্ষাৎ
রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে আসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার সকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশে ১৬ কোটি মানুষ বসবাস করে। এর আগেও ১৯৭৭ সালে রোহিঙ্গারা এ দেশে এসেছিল। কিন্তু এবার তারা অনেক বেশি সংকটাপন্ন ও নাজুক অবস্থায় বাংলাদেশে এসেছে। সে জন্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি।’
সম্পূর্ণ মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের দ্রুত ফিরিয়ে নিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মিয়ানমার সেনাদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে গত শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসে।
প্রতিনিধিদলের নেতৃত্বে দেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।
গতকাল রোববার প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির তমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট এলাকায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা চারটি দলে ভাগ হয়ে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের মুখ থেকে নির্যাতনের বক্তব্য শোনেন। শূন্যরেখা থেকে ফিরে প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন।
মিয়ানমারে গিয়েও প্রতিনিধিদলটি সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনা করবে। শেষে নিউইয়র্কে ফিরে এ ব্যাপারে তাদের প্রতিবেদন জমা দেবে। সূত্র: এনটিভি অনলাইন

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ 