News Bangla 24 BD | শ্রীপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার - News Bangla 24 BD
News Head

শ্রীপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার


 গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে শুক্রবার দিবগত রাত অনুমান আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার মো. সুরুজ হাওলাদার (৩৮), বারেক হাওলাদার (৫৫), মো. মোস্তফা (৪৫) ও মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), মুন্সীগঞ্জ জেলার মো. মনিরুজ্জামান (৩৩), গাজীপুরের মাহবুব মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. সাজু (২৩)।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড়ের মাথায় কতিপয় সশস্ত্র ডাকাত সদস্য ডাকতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পায় পুলিশ। পরে তারা দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় পথে বেরিকেড দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, তালা-লোহার কাটার, বাঁটযুক্ত সাড়ে ৮ ইঞ্চি লম্বা চাকু, ২২ ইঞ্চি লম্বা হাতলযুক্ত দা, ১৫ ইঞ্চি লম্বা চাইনিজ কুড়াল এবং ২২ইঞ্চি লম্বা সুঁচালো মাথার রড উদ্ধার করা হয়। গেস্খফতারকৃতদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা, ঢাকার রূপনগর থানা, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান, মামলার বাদী শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মেল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ