News Bangla 24 BD | কৃষিখাত কে কমার্শিয়াল কৃষিতে রুপান্তরিত করতে হবে -গাজীপুরে কৃষিমন্ত্রী - News Bangla 24 BD
News Head

কৃষিখাত কে কমার্শিয়াল কৃষিতে রুপান্তরিত করতে হবে –গাজীপুরে কৃষিমন্ত্রী


 কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, স্বাধীনতার পর হতে যে সমস্ত খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার মধ্যে কৃষিখাত অন্যতম। কৃষিখাত কে কমার্শিয়াল কৃষিতে রুপান্তরিত করতে হবে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে উচ্চ মূল্যের ফসল উৎপাদনে অবদান এবং ফুলকপি, মূলা, টমেটো ইত্যাদি পচনশীল সবজি মৌসুমের পরে কোন দামই থাকে না আবার সরিষা অনেক বেশি মূল্যে আমাদের আমদানি করতে হয় বিধায় প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উচ্চফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন করে উৎপাদন বাড়ানোর জন্য বিজ্ঞানীদের আহবান জানান।
প্রধান অতিথি আরো বলেন, প্রযুক্তি আবিষ্কারের পর তা যদি মাঠ ও চাষী পর্যায়ে না যায় তাহলে উদ্ভাবনে কোন লাভ নেই। এ দায়িত্বটি কৃষি বিজ্ঞানীদেরকেই নিতে হবে। উৎপাদিত প্রযুক্তির কতটি চাষী পর্যায়ে গিয়েছে তা দেখা উচিত। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুই দিনব্যাপী বারি’র প্রযুক্তি প্রদর্শনী-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজী বদরুদ্দুজা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক (অব.) ও এমেরিটাস সায়েন্টিস্ট, এনএআরএস, ড. কাজী এম বদরুদ্দোজা। প্রধান অতিথি প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদশর্নের পূর্বে তিনি বারি বাতাবিলেবু-৪ এর একটি চারা রোপন করেন।
এছাড়া মন্ত্রী বলেন, বড় রাজনৈতিক দল বিএনপি’র কথাগুলোর মধ্যে অনেক অসংলগ্নতা রয়েছে। তারা কি কর্মসূচি নিচ্ছে তা বুঝা যায় না। ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে ৩৮ মিনিট কথা বলে নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছিলেন। তিনি আহ্বান জানিয়েছিলেন কিভাবে নির্বাচন হবে তা নিয়ে আসুন কথা বলি। কেন নির্বাচনে বিএনপি এলাকায় পোস্টার দেয় না, লিফলেট দেয় না, ভোট চায় না ? নির্বাচনে যে তাদের কি কৌশল ছিল তা বুঝা যায় না। আজও তারা নির্বাচন নিয়ে সমালোচনা করছে।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান বলেন, আগে কৃষি বিষয়ের শিক্ষার্থীরা শিক্ষক, গবেষক হতে চাইতেন। বর্তমানে তারা চান ব্যাংক ও অন্যান্য পেশায় যেতে। এটি অনুধাবন করতে হবে। এ ধারণা ঘোরাতে হবে। ২০০৮ সালে কৃষিবিদদের প্রণোদনা নিয়মিত হয়নি। বছরে এক মাসের প্রণোদনা দিতে হবে। উৎপাদন করলেই হবে না এর ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, সাফল্য, উদ্ভাবিত প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. লুৎফর রহমান। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ ‘কৃষি প্রযুক্তি হাতবই ২০১৯’ এর মোড়ক উন্মোচন করেন।
প্রযুক্তি প্রদর্শনীতে কাঁঠাল ছোলা যন্ত্র সবজি ধৌত করে যন্ত্র ধাপে ধাপে গুটি ইউরিয়া সার প্রয়োগের যন্ত্রসহ নানা ধরনের প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টলে স্থান পায়। প্রদর্শনী উদ্বোধন এর আগে মন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ