News Bangla 24 BD | নরেন্দ্র মোদির  শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
News Head

নরেন্দ্র মোদির  শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলেরও নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, ভুটানের লোটে শেরিং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, কিরগিস্তানের প্রেসিডেন্টসহ আরো কয়েকটি দেশের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। তবে সোমবার এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। অবশ্য মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিদলে থাকছেন।

গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জানান, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ছিলেন। এবারো তিনি মোদির শপথ নেওয়ার সময় জাপান সফরে থাকবেন। তবে গতবার প্রধানমন্ত্রী জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন দিল্লিতে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারছেন না।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড- তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুন দেশে ফিরবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলসিংকি থেকে নয়াদিল্লিতে ১২ ঘণ্টার যাত্রা বিরতির কথা ছিল। কিন্তু এই কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী হেলসিংকি থেকে লন্ডন হয়ে ঢাকায় ফিরবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ