রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় দিয়েছে হাইকোর্ট
রাজধানীতে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজছাত্র রাজীব হাসানের হাত হারানো ও পরে মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা দেয়।
রায়ে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে ক্ষতিপূরণের ২৫ লাখ টাকা দিবে বিআরটিসি এবং বাকি ২৫ লাখ টাকা দিবে স্বজন পরিবহন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে গত ১৫ ও ২৩ মে দুই দফায় রায় ঘোষণার দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজ ছাত্র রাজীব হাসান। এরপর ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজীব হাত হারানোর পরদিনই হাই কোর্টে এক কোটি টাকার রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ মে হাইকোর্ট এক আদেশে রাজীবের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়ার পাশাপাশি রুল জারি করে।
ওই এক কোটি টাকার অর্ধেক, অর্থাৎ ৫০ লাখ টাকা পরিশোধের জন্য দুই পরিবহনের মালিককে এক মাসের সময় দেয়া হয় সেই আদেশে।
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে কোটি টাকা দিতে কেন নির্দেশ দেয়া হবে না, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেয়া হবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চায় হাইকোর্ট।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 