News Bangla 24 BD | শিক্ষার্থীদের শপথ‘আমরা কেউ বাল্য বিবাহের পিঁড়িতে বসবো না’ - News Bangla 24 BD
News Head

শিক্ষার্থীদের শপথ‘আমরা কেউ বাল্য বিবাহের পিঁড়িতে বসবো না’


ঝিনাইদহ প্রতিনিধিঃ
আমরা কেউ বাল্য বিবাহের পিঁড়িতে বসবো না, প্রয়োজনে প্রতিরোধে ভুমিকা রাখবো। আমাদের কোনো বান্ধবী যেন এই বাল্য বিবাহের শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকবো’। এভাবেই শপথ নিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের আয়োজনে এক অনুষ্ঠানে এই শপথ নেন তারা।

বৃহস্পতিবার পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মাদক, জঙ্গী, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, বহুবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা পরিষদের মহিলা সদস্য শামীমা আরা হ্যাপি, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, সাবদারপুর জিটি কলেজের প্রভাষক আতাউর রহমান, শিক্ষক জিল্লুর রহমান, অভিভাবক আমিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের মূল আয়োজক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরো জানান, আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই সচেতনতা বৃদ্ধির ফলে ছেলে-মেয়েরা বিপথে যাবে না। এছাড়া কোন অভিভাবক যেন জোর করে তাঁর মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে না পারেন।

অনুষ্ঠানে ৮ম শ্রেনীর ছাত্রী সাদিয়া সুলতানা বলেন, আমাদের অভিভাবকদের বুঝতে হবে মেয়েরা এখন আর পিছিয়ে নেয়। তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে পিছিয়ে ফেলা ঠিক হবে না। একই শ্রেণীর মারুফা আক্তার বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের শিখিয়ে দিল কেউ অল্প বয়সে বিয়ের পিড়িতে বসা যাবে না। কাউকে জোর করে বসানোর চেষ্টা করলে তার প্রতিবাদ করতে হবে।

জামিরুল ইসলাম নামের এক ছাত্র বলেন, কোনো অবস্থাতেই আমরা খারাপ হতে পারি না। জাতি আমাদের কাছে অনেক কিছু আশা করে। তাই আমরা সর্বদা মাদক, জঙ্গী, সন্ত্রাসী কর্মকান্ড থেকে দূরে থাকবো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ