News Bangla 24 BD | বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র - News Bangla 24 BD
News Head
 শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র


নিউজ বাংলা বিডি ডেস্ক: প্যারিসকে ঘিরে দীর্ঘদিনের আলোকচিত্রচর্চার স্বীকৃতি হিসেবে শহরটির বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি। তার প্রকাশিত চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে গ্রন্থটির শিল্পমান ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন মেয়র।
এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও তিনি তার গ্রন্থ পৌঁছে দেওয়ার সুযোগ পান। পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার উদ্যোগের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করে।
৩০ জুন স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্যারিসের সিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়রের সঙ্গে রনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসকে নিয়ে তার আলোকচিত্র গ্রন্থ, এর নান্দনিক উপস্থাপনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এর আগে প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর কাছেও নিজের গ্রন্থ উপহার দিয়েছিলেন রনি। তখনও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেন।
জানা গেছে, বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে প্যারিসের ঐতিহাসিক স্থাপত্য, শিল্পঐতিহ্য, নগরজীবনের বৈচিত্র্য এবং সাংস্কৃতিক আবহ শিল্পসম্মতভাবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও গ্রন্থটি সমাদৃত হয়েছে।
ফ্রান্সের ঐতিহাসিক গ্রা পালে প্রাঙ্গণে অনুষ্ঠিত চেঞ্জ নাউ সামিটে তিনি তার গ্রন্থটি মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরা ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে তুলে দেন। বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব গ্রন্থটির শিল্পগুণ, সাংস্কৃতিক মূল্য এবং আন্তর্জাতিক সংলাপে এর গুরুত্বের প্রশংসা করেন।
সংশ্লিষ্টদের মতে, ‘প্যারিসের ছবি’ শুধু একটি আলোকচিত্র গ্রন্থ নয়; বরং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্যারিসের মেয়রের এই স্বীকৃতিকে তার দীর্ঘ সৃজনশীল যাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ