News Bangla 24 BD | বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের - News Bangla 24 BD
News Head
 এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের


আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। একাত্তরের এই দিনে হানাদার পাকিস্তানি ঘাতক বাহিনী পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায়-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। তাদের এই উদ্দেশ্য সফল করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একসাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাঙালি জাতি।

পাকিস্তানি ঘাতকদের এ বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল রাজাকার-আলবদর বাহিনী। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই দিন। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকেরা।

বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা-চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ। হত্যার আগে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তাদের ওপর। এসব মৃতদেহ পাওয়ায় উন্মোচিত হয় ঘাতকদের বুদ্ধিজীবী হত্যার নীলনকশা। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে।

বাঙালি জাতি বরাবরই বিজয়ের উৎসবের আগে এই দিনটিতে শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর একে একে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, শহীদ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, ঢাকার দুই মেয়র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ঢাকার বিভাগীয় কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠান বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদীও সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে উঠেছে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রায়েরবাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন। স্মৃতিসৌধ মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়।

বুদ্ধিজীবীদের হত্যা করে রায়েরবাজারে যেভাবে ফেলে রেখে যাওয়া হয়েছিল- অভিনয়ের মাধ্যমে মূলবেদীর পাশে সেই দৃশ্যের রচনা করে কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্যরা।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনভর রয়েছে নানা কর্মসূচি। শোকে মুহ্যমান হৃদয়ে বাঙালি জাতি আজকের এই দিনে বরাবরই স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ