News Bangla 24 BD | শ্রাবন্তীর অতীত এখন ইতিহাস
News Head

শ্রাবন্তীর অতীত এখন ইতিহাস


টলিউড সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে বাংলাদেশেও পেয়েছেন জনপ্রিয়তা।

২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। কিন্তু গত বছরের আগস্টের দিকে গুঞ্জন ওঠে, শ্রাবন্তী নাকি ডিভোর্স ফাইল করেছেন। বিয়ে-বিচ্ছেদ এসবের কারণে অনেক দিন ধরেই পর্দায় অনুপস্থিত শ্রাবন্তী। তবে সম্প্রতি কাজে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী।

বর্তমানে ‘পিয়া রে’ সিনেমার শুটিং করছেন শ্রাবন্তী। এতে সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন শ্রাবন্তী।

এ সময় কৃষাণের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান শ্রাবন্তী। তিনি বলেন, ‘একটাই জীবন। ভালো থেকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে জীবনটা কাটাতে চাই। নেতিবাচক বিষয়গুলো মাথায় কম রাখি। মানুষের জীবনে এক-একটা সময় আসে, যখন কাজ কম থাকে। আবার কখনো এত ব্যস্ততা থাকে, পরিবারকেও সময় দেয়া হয় না। আমার কাজ না থাকলে ছেলেকে সময় দিই। সব সময় কাজ করে গেলে ওর-ও মনে হতে পারে, মা সময় দেয় না।’

অতীত অধ্যায় মনে ছায়া ফেলে কিনা জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘পাস্ট ইজ হিস্ট্রি। ওই চ্যাপ্টারগুলো বন্ধ করে দিয়েছি।’

২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। তারপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। অবশ্য পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন কৃষাণ ভিরাজকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ