News Bangla 24 BD | নতুন আলোচনায় অপু
News Head

২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। এরপর ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। পরের কথা সবারই জানা, ঢাকাই চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় জুটি হিসেবে প্রতিষ্ঠান পান শাকিব-অপু।

হাজারও দর্শকের ভালোবাসায় সিক্ত এই নায়িকা ভালো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করতে চান। আর তাইতো এখন নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। আলোচনার শীর্ষে থাকা এই নায়িকা নিজেকে গুছিয়ে নিয়ে কঠোর পরিশ্রম করছেন।

বর্তমানকে নিয়ে অপু বিশ্বাস বলেন, এখন খুব ভালো আছি। সন্তান জয়কে নিয়ে আমার সুন্দর সময় কেটে যাচ্ছে। আর বেশকিছু কাজও সামনে শুরু হবে। সেজন্য প্রস্তুতি নিচ্ছি। এবার নতুন লুকে কাজে ফিরবো। নিজের ওজন কমানো কঠিন কাজ হলেও অনেকটা কমিয়েছি। আর রবিন খানের নতুন সিনেমার কাজ দ্রুত শুরু করবো।

কয়েকদিন পর পরিচালক রবিন খানের নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু বিশ্বাস। এ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অপু বলেন, আমি প্রস্তুত। নিজের ওজন কমানোর জন্য দৈনিক ব্যায়াম করছি। আর ছবির চিত্রনাট্যও পড়েছি।

মুটিয়ে যাওয়া শরীর নিয়ন্ত্রণে আনতে নিয়মিত জিম করা থেকে শুরু করে একটু একটু করে ক্যামেরার সামনে উপস্থিত হচ্ছেন অপু। মঞ্চেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তার এই নতুন ভাবে পথ চলা বুঝিয়ে দিচ্ছে যে- নিজের গ্ল্যামার ফিরে আনার চেষ্টা করছেন এক সময়ের পর্দা কাঁপানো হালের এই নায়িকা।

এদিকে কলকাতার একটি প্রোডাকশনের ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন অপু। ছবিটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এই প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, ওপার বাংলার একটি ছবি নিয়ে কথা হচ্ছে। তবে সবকিছু চূড়ান্ত না হলে ছবির পরিচালক বা সহশিল্পী নিয়ে কথা বলতে চাই না। সবকিছু মিলে গেলে অবশ্যই এ ছবিতে কাজ করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ